মুরাদনগরে নবম শ্রেণির ছাত্র অপহরণ: আট দিনেও উদ্ধার হয়নি রাকিবুল, মুক্তিপণ চাওয়ার পর ফোন বন্ধ

আরো পড়ুন

মুরাদনগর, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (১৫) অপহরণের আট দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি। গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে সে। রাকিবুল উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর সকালে রাকিবুল প্রতিদিনের মতো স্কুলে ক্লাস করতে যায়। ক্লাস ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। বাবা-মা এবং বৃদ্ধ দাদি সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।

সন্তান নিখোঁজের পরদিন রাতে রাকিবুলের বাবার কাছে ০১৩৪৪৮৩৫৪০০ নম্বর থেকে একটি ফোন আসে। কলে নিখোঁজ রাকিবুলের কান্নার শব্দ শোনা যায়—”বাবা আমাকে বাঁচাও, আমাকে মারধর করছে।” কলকারী ব্যক্তি রাকিবুলের বাবাকে বলেন, বিকাশে ১২ হাজার টাকা পাঠালে রাত ২টার দিকে ঘোড়াশাল স্কুল মাঠে রাকিবুলকে দিয়ে যাবেন। রাকিবুলের বাবা মোহাম্মদ হাসান বিকাশে থাকা ৪ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর ওই নম্বরে আবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রাকিবুলের বাবা মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার এবং র‍্যাব-১১ কে অবগত করেন।

রাকিবুলের মা রাবেয়া বেগম প্রশাসনের কাছে তার একমাত্র ছেলেকে দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন।

র‍্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান জানিয়েছেন, “কল করা নম্বরটি বারবার লোকেশন পরিবর্তন করছে। আমরা আশা করছি, খুব শিগগিরই ওই স্কুলছাত্র উদ্ধার হবে।”

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, তারা অভিযোগ গ্রহণ করেছেন এবং ছাত্রটিকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।

আরো পড়ুন

সর্বশেষ