যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় হাসান (৬৫) নামের এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চালকিডাঙ্গা ও বেগারিতলার মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার হাজরাকাঠি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে দুইজন যাত্রী নিয়ে মণিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হাসান। পথে সড়কের ভাঙা অংশে ভ্যানের সামনের চাকা আটকে গেলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় পেছন থেকে আসা এরিস্টোফার্মা ঔষধ কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় অটো ভ্যানে থাকা দুই যাত্রী সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেয়া হয়।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, কাভার্ডভ্যানটি বর্তমানে থানায় রাখা আছে।

