নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধে অতিরিক্ত কড়াকড়ি ও বাড়াবাড়ি করছেন।
বুধবার এএফপিকে দেওয়া মন্তব্যে লুক্সন বলেন, “গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এদিকে, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার যুক্তি, এটিই যুদ্ধ শেষ করার সেরা উপায়।
জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।
একই সময়ে নিউজিল্যান্ড সোমবার ইঙ্গিত দিয়েছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, নিউজিল্যান্ডের জন্য মূল বিষয় হলো কখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে এবং সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।
নেতানিয়াহু মিসর ও জর্ডানের অংশসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটিকে এক “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন” হিসেবে উল্লেখ করেছেন। এই অবস্থান ইতিমধ্যেই জর্ডানকে ক্ষুব্ধ করেছে।

