পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল হাসান শাহীনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি বুধবার (৪ জুন) সকালে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করা হয়।
সোহেল হাসান শাহীন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর তিনি দেশে অবস্থান করলেও সাম্প্রতিক সময়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

