যশোরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ছিলেন প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এবং দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
অপর এক শোকবার্তায় দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং এ.কে.এম গোলাম সরওয়ার শোক প্রকাশ করেন।
দৈনিক সত্যপাঠের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান এক বিবৃতিতে বলেন, সৈয়দ শাহাবুদ্দিন আলম ছিলেন নীতিনিষ্ঠ, সৎ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ এক অভিজ্ঞ ও পথপ্রদর্শক ব্যক্তিত্বকে হারাল।
রাতদিন নিউজ পরিবারের পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

