জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের বিষয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রুলের শুনানি হবে। সাধারণত বুধবার রুলের শুনানি হয়, তাই ২৩ এপ্রিল প্রথম বুধবারে এই রুলের শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় চিন্ময়সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুরের পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এই ঘটনায় দুই ডজনেরও বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন খারিজ করেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজার বেঞ্চ জামিন প্রশ্নে রুল জারি করেন।

