জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি

আরো পড়ুন

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দীন সরকারের সময়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল না। তিনি বলেন, “যৌক্তিক সময়ের চেয়ে সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলে ভুল ধারণা সৃষ্টি হতে পারে,” এবং তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে। এতে মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। সভায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদান স্মরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ছাত্ররা আন্দোলনের মূল শক্তি ছিল। তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করা যাবে না।”

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা গতকালের ভাষণে নির্বাচনের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা না দেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “নির্বাচনের ঘোষণা দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।”

এছাড়া, প্রশাসনে থাকা স্বৈরাচারের সমর্থকরা সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ