যশোরে গাঁজাসহ আটক পুলিশের এসআইয়ের কারাদণ্ড

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোরে গাঁজাসহ আটক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে আটক অপর দু’জনকে খালাস দেয়া হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত এসআই হাসানুজ্জামান সাতক্ষীরা কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। তিনি চৌগাছা থানায় কর্মরত ছিলেন।

খালাসপ্রাপ্তরা হলেন, কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম ও মণিরামপুরের পারখাজুরা গ্রামের মশিয়ার রহমান মশির ছেলে শহিদ। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাড. আফরোজা সুলতানা রনি।

মামলার অভিযোগে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দারোগা হাসানুজ্জামান চৌগাছা থানায় কর্মরত ছিলেন। ২০২০ সালের ১৫ জুন দুপুর ১২টার দিকে কেশবপুর এলাকা থেকে তিন কেজি গাঁজা ক্রয় করে চৌগাছার উদ্দেশ্যে যাত্রা করেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দিবাকর মালাকার জানতে পারেন নাজমুল ও শহিদ নামে দু’জন গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। তিনি সঙ্গীয় ফোর্সসহ এলাকার পালপাড়ায় অবস্থান নেন। এরই মধ্যে এসআই হাসানুজ্জামান একটি মোটরসাইকেলে সেখানে আসেন। তাকে সংকেত দিয়ে থামিয়ে মোটরসাইকেলে থাকা ব্যাগ তলস্নাশি করে দুই কেজি এবং পিঠে থাকা ব্যাগের মধ্যে পুলিশের পোষাকে মোড়ানো আরো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় এসআই হাসানুজ্জামান ও নাজমুলকে আটক করে মামলা দেয়া হয়। কিন্তু সেখান শহিদ পালিয়ে যান। এসময় হাসানুজ্জামান নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন এবং তার কোমরে থাকা পিস্তল বের করে দেখান। এই ঘটনার মামলায় আটক নাজমুল আদালতে জবানবন্দি দেন।

পরে এসআই হাসানুজ্জামানকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডেও কাছে গাঁজা থাকার কথাটি স্বীকার করেন তিনি। মামলাটি তদত্ম পূর্বক কেশবপুর থানা পুলিশের পরিদর্শক শেখ ওহিদুজ্জামান ২০২১ সালের ৩ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার দারোগা হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকার জরিমানার আদেশ দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেয়া হয়েছে। একই সাথে অপর দুই আসামি নামজুল ইসলাম ও শহিদকে খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত দারোগা হাসানুজ্জামান আদালতে হাজির থাকায় তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ