যশোরে এবার গ্রামে গ্রামেও মিলবে টিসিবির পণ্য

আরো পড়ুন

যশোর: আসন্ন রমজান মাস উপলক্ষ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্নআয়ের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা ও পেঁয়াজ দেবে সরকার। এরমধ্যে যশোরের এক লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবার পাবে এই পণ্যগুলো। এসব পণ্য এবার পৌঁছাবে গ্রামে গ্রামেও। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বররা সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন।

যশোরে বিশাল এই কর্মযজ্ঞ পরিচালনা করবে জেলা প্রশাসন। যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়, তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে।

ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড মেম্বর ও পৌরসভায় কাউন্সিলররা সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন। এই তালিকা অনুযায়ী প্যাকেট করবে জেলা প্রশাসন। প্যাকেট সম্পন্ন হওয়ার পর তা যাবে টিসিবি ডিলারদের হাতে। ডিলাররা জেলা প্রশাসন থেকে পাওয়া তালিকা অনুযায়ী প্যাকেট পৌঁছে দিবেন সুবিধাভোগীদের কাছে।

টিসিবি থেকে প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দ থাকবে দুইটি প্যাকেট। প্রতি পরিবার দুই দফায় সমপরিমাণের দুইটি প্যাকেট পাবে।

ভোক্তা সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, ১৫ থেকে ২০ মার্চের মধ্যে এক দফা এবং রমজান মাসের প্রথম সপ্তাহে আরেক দফায় এসব পণ্য দেয়া হতে পারে। যশোরে টিসিবির ৭৩ জন ডিলার রয়েছেন। তাদের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করা হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বলেন, যশোরে এক লাখ ৩৭ হাজার ৪৩৯টি প্যাকেট হবে। এ নিয়ে আরো সভা হবে। সেখানে সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় সুবিধাভোগীরা এসব প্যাকেট পাবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ