চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

আরো পড়ুন

যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় এই ঘটনা ঘটে। ওই গ্রামের ফজলুর রহমানের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালানোর চেষ্টা করছিলেন আলমগীর। এ সময় গরুর মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আলমগীরকে উদ্ধার করে। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ