যশোরে মাদক সেবনের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম করল ছোট ভাই

আরো পড়ুন

যশোরে মাদক সেবনের টাকা না পেয়ে আপন বড় ভাইকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পলিটেকনিক রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম অহেদ আলী অপু (৩০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদের ছেলে। অভিযুক্ত বিবাদী মোমিন (২৬) অপুর আপন ছোট ভাই।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ছোট ভাই মোমিন তার বড় ভাই অপুর কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। অপু টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই ভাইয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোমিন উত্তেজিত হয়ে পকেট থেকে ধারালো চাকু বের করে বড় ভাই অপুর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর আহত অপু নিজেই রক্তাক্ত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন:
“আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম রয়েছে। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ থানায় করা হয়নি বলে জানা গেছে। তবে স্থানীয়রা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত মোমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন

আরো পড়ুন

সর্বশেষ