পবিত্র রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে রমজান মাসে স্কুল খোলা রাখার ক্ষেত্রে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না।
সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে আইনগত সহায়তা প্রদান করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। শুনানি শেষে আদালত হাইকোর্টের আগের আদেশটি স্থগিত করেন।
এর আগে গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি), বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসজুড়ে দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশে হাইকোর্ট বলেছিলেন, রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং ধর্মীয় ইবাদতের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রয়োজন।
হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেছিলেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
উল্লেখ্য যে, রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দায়ের করেছিলেন। এর আগে গত ৫ জানুয়ারি তিনি সরকারকে একটি আইনি নোটিশও পাঠিয়েছিলেন। তার যুক্তিতে বলা হয়েছিল, রমজানের সময় ট্রাফিক জ্যাম এবং প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে।
চেম্বার আদালতের আজকের এই স্থগিতাদেশের ফলে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রমজানে ক্লাস চালিয়ে নিতে আর কোনো বাধা নেই। তবে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি হতে পারে কি না, তা নিয়ে আইনি মহলে আলোচনা চলছে।

