চৌগাছায় বিএনপি  দাঁড়িপাল্লা: পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

আরো পড়ুন

নির্বাচনী পোস্টার লাগানো ও ছেঁড়াকে কেন্দ্র করে যশোরের চৌগাছা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের সরদারপাড়ায় এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলুয়া গ্রামের সরদারপাড়ার চা দোকানি গফুর হোসেনের দোকানে রাজনৈতিক পোস্টার লাগানো নিয়ে বিরোধের জেরে এই সংঘাতের সৃষ্টি হয়। ভুক্তভোগী গফুর হোসেন জামায়াত সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন আগে বিএনপি সমর্থক সেলিম হোসেন ও তার ছেলে ফয়সাল হোসেন ওই দোকানে ‘ধানের শীষ’ প্রতীকের পোস্টার লাগিয়েছিলেন। পরবর্তীতে সেই পোস্টারটি কেউ ছিঁড়ে ফেললে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার বিকেলে গফুর হোসেন তার দোকানে নিজের পছন্দ অনুযায়ী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পোস্টার ও ব্যানার টাঙালে বিএনপি সমর্থকরা এর প্রতিবাদ জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সেলিম ও ফয়সালের নেতৃত্বে একদল লোক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল তছনছ করে বলে স্থানীয়রা জানান।
প্রশাসনের হস্তক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলুয়া গ্রামে নিয়মিত টহল দিচ্ছেন।

আরো পড়ুন

সর্বশেষ