শার্শা সীমান্তে বিজিবির :অভিযানে পিস্তল ও গুলিসহ মাদক জব্দ

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কায়বা বিওপি’র একটি টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র সদস্যরা জানতে পারেন যে, কায়বা সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্রের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ অভ্যন্তরে দাদখালী নামক স্থানে ওত পেতে থাকে।
রাত ১১টার দিকে এক ব্যক্তিকে ইছামতি নদী পার হয়ে ব্যাগ হাতে কায়বা গ্রামের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতের ব্যাগটি ফেলে দিয়ে পুনরায় নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরবর্তীতে চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি নিচের সরঞ্জামগুলো জব্দ করে:
* অস্ত্র: ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল (চায়না)।
* ম্যাগাজিন ও গুলি: ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি।
* মাদক: ৪০ বোতল ভারতীয় ‘এস্কার্প’ সিরাপ।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও নিরাপত্তা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ