সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন নামসর্বস্ব বা সনামধন্য প্রতিষ্ঠানের নামে চাকরির নিয়োগ বিজ্ঞাপন দিয়ে সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষিত বেকারদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সরকারি হাসপাতাল, বিভিন্ন প্রাইভেট কোম্পানি এমনকি প্রথম সারির সংবাদপত্রের নামে জালিয়াতির মাধ্যমে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন দেশের বিভিন্ন এলাকার মানুষ। প্রার্থীদের কাছ থেকে ‘রেজিস্ট্রেশন ফি’, ‘প্রশিক্ষণ খরচ’, ‘সিকিউরিটি মানি’ কিংবা সাংবাদিকতার উপকরণ সরবরাহের নাম করে নেওয়া হচ্ছে ১,৫০০ থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত। টাকা নেয়ার পরপরই প্রার্থীদের ব্লক করে দেয় প্রতারকরা।
যশোরসহ বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি যশোরের সালাম হোসেনের ছেলে আবিদ হোসেন ‘ডেইলী আমার বাংলা’ ও ‘দৈনিক প্রথম বাংলা’ নামে দুটি পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সাংবাদিকতার চাকরির জন্য আবেদন করেন। তাকে নিশ্চিত চাকরির আশ্বাস দিয়ে ১৫০০ টাকা নেওয়ার পর তাকে ব্লক করে দেওয়া হয়। এমনকি ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ চলছে’ নামে ভুয়া ফেসবুক পেজ চালিয়ে প্রতারণা করা হচ্ছে। যশোরের কিসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেন এ ধরনের একটি ভুয়া পেজে বিশ্বাস করে ৩ হাজার টাকা হারান।
প্রথম আলো পত্রিকা জানায়, এই পেজগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন এবং অনুরোধ করেছেন পেজ দুটি বন্ধের ব্যবস্থা নিতে।
একইভাবে কানাডায় ভিসা প্রসেসিংয়ের কথা বলে যশোর শহরের খড়কী এলাকার রিপন আহমেদের কাছ থেকে একটি চক্র আদায় করেছে প্রায় ২০ লাখ টাকা। মামলাটি ইতোমধ্যে যশোর কোতোয়ালি থানায় রেকর্ড হয়েছে এবং গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নেমেছে।
আরও ভয়ংকরভাবে, পুলিশের ছদ্মবেশে ইমো ও ফোনে টাকা দাবি করে সাধারণ মানুষকে হয়রানি করছে একাধিক চক্র। সাম্প্রতিক সময়ে গ্রামের কাগজ পত্রিকা অফিসে উপস্থিত হয়ে মাহমুদা আক্তার লিজা ও আরও কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।
এছাড়া যশোর জেনারেল হাসপাতালের নাম ব্যবহার করে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
সীমাখালী এলাকার মামুন মুন্সির মতো অনেকেই ঢাকায় অফিসে যোগদানের নামে ডেকে নিয়ে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। তাকে অজ্ঞান অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাওয়া যায়।
ভুক্তভোগীদের দাবি:
ফেসবুকভিত্তিক প্রতারণা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভুয়া পেজ ও গ্রুপ চিহ্নিত করে তা বন্ধ করতে হবে। সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
পুলিশের অবস্থান:
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, ফেসবুকভিত্তিক প্রতারণা রোধে পুলিশ সক্রিয় রয়েছে। আইটি এক্সপার্টদের মাধ্যমে তদন্ত চালানো হচ্ছে এবং প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে। একইসাথে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সতর্ক থাকুন:
চাকরির বিজ্ঞাপন দেখতে হলে ভেরিফায়েড পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎসে বিশ্বাস করবেন না। অগ্রিম টাকা দাবি করা হলে সতর্ক থাকুন। প্রতারণার শিকার হলে নিকটস্থ থানায় অভিযোগ করুন এবং ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করুন।
এখনই ব্যবস্থা না নিলে ফেসবুকভিত্তিক এই প্রতারণা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন হুঁশিয়ারি দিচ্ছেন সংশ্লিষ্টরা।

