যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের প্রবাসী শংকর বিশ্বাসকে মারধর করে জখম করার ঘটনায় আদালতে দায়ের করা পিটিশনের ভিত্তিতে কোতয়ালি থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। শংকর বিশ্বাস বোলপুর গ্রামের মনিন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলায় অভিযুক্তরা হলেন নওদাগ্রামের আব্দুর রহমানের ছেলে ফিরোজ হোসেন, ইমদাদুল হকের ছেলে রাফি, একই গ্রামের মাহিদ ওরফে ব্লেড এবং মুকুল হোসেন।
এজাহারে শংকর বিশ্বাস উল্লেখ করেছেন, তিনি নওদাগ্রামে নিজের সাড়ে তিন শতক জমি ইকবাল হোসেন নামে একজনের কাছে বিক্রি করেন। এ খবর জানার পর আসামি রাফি অন্যান্য আসামিদের ফোন করে বিষয়টি জানান। পরে তারা শংকর বিশ্বাসের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন।
গত ৩১ জানুয়ারি সকাল ৯টার দিকে শংকর বিশ্বাস নওদাগ্রামের তবির চায়ের দোকানের সামনে গেলে আসামিরা তাকে পেছনে ডেকে নেন। সেখানে তারা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ সময় এক আসামি ছুরি দিয়ে তার মাথার পেছনে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে শংকর বিশ্বাস আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কোতয়ালি থানায় তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
জাগো / মেহেদী

