যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে পুলিশ সুপারের বিশেষ গুরুত্বারোপ

আরো পড়ুন

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে অভিভাবকদের সাথে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

সমাবেশে প্রধান অতিথি অভিভাবকদের সাথে বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও সহ-শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন।

> “শিক্ষার প্রকৃত মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। বিদ্যালয় পরিচালনা বা পাঠদানে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা নির্দ্বিধায় কর্তৃপক্ষকে জানান। আপনাদের গঠনমূলক প্রতিটি পরামর্শকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব।”
>
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় সভায় অভিভাবকরা বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বের সাথে অভিভাবকদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সব দাবি ও পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দেন।
পারস্পরিক আস্থা ও ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশটি সমাপ্ত হয়।

আরো পড়ুন

সর্বশেষ