ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জে ২ ব্যক্তি সেনার হাতে আটক

আরো পড়ুন

ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মেজর জুবেন ওয়াহির নেতৃত্বে সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে সম্প্রতি একাধিক অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, দুই ব্যক্তি নিজেদের ‘জাতীয় পর্যায়ের সাংবাদিক’ পরিচয় দিয়ে দোকানে কথিত ‘অনিয়ম’ তুলে ধরার হুমকি দিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং পরবর্তীতে অভিযানে হাতেনাতে দুজনকে আটক করা হয়
আটককৃতরা হলেন:
* আব্দুল হাকিম শেখ (টুঙ্গিপাড়া উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে)।
* মনিরুল ইসলাম (নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে)।
জানা গেছে, আটক আব্দুল হাকিম টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মনিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, দুটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাঁদের হয়রানি করে আসছিলেন। বিষয়টি সেনাবাহিনী ও প্রশাসনকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার বিরুদ্ধে তাঁদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ